বাংলাদেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের (এমপি) জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ তৈরির নির্দেশনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, এই পরিদর্শন কক্ষগুলো হবে আধুনিক ও মানসম্মত। সংসদ সদস্যদের দাপ্তরিক কাজ এবং সাধারণ মানুষের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কক্ষে প্রয়োজনীয় আধুনিক আসবাবপত্র এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা থাকবে। উপজেলা পরিষদের নতুন বা পুরাতন—উভয় ধরনের ভবনেই বিদ্যমান অবস্থাতেই এই কক্ষগুলো প্রস্তুত করা হবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে এবং তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। আজ থেকেই এই আদেশ কার্যকর হচ্ছে। যেসব সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা রয়েছে, তাদের প্রতিটি উপজেলাতেই এমন পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার ইউএনওদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কক্ষগুলো প্রস্তুত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই উদ্যোগের ফলে সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকায় আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন এবং স্থানীয় পর্যায়ে তাদের কাজের গতিশীলতা বাড়বে। এর মাধ্যমে এমপিরা খুব সহজেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং সরাসরি সাধারণ মানুষের সাথে দেখা-সাক্ষাৎ ও সময় ব্যয় করতে পারবেন।
এই যুগান্তকারী পদক্ষেপের জন্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল সংসদ সদস্যের পক্ষ থেকে অভিনন্দন জানান।
পূর্বকোণ/সিজান/পারভেজ












