আসন্ন গণভোট সম্পর্কে জনগণকে ধারণা দিতে এবং ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে দেশের সব ব্যাংকের শাখায় দুটি করে ব্যানার টানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনার দেয়া হয়। সভায় কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নরসহ দেশের সব বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংক খাতের সামগ্রিক স্থিতিশীলতা নিয়েও গুরুত্বারোপ করেন গভর্নর। খেলাপি ঋণ কমার যে ধারা তৈরি হয়েছে তা যেন অব্যাহত থাকে এবং নতুন করে কোনো ঝুঁকি সৃষ্টি না হয়—সে বিষয়ে ব্যাংকগুলোর প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরিফিন সাংবাদিকদের বলেন, “গণভোট সামনে রেখে ব্যাংক খাতের স্থিতিশীলতা ও জনআস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলাপি ঋণ কমানোর যে অগ্রগতি হয়েছে তা ধরে রাখা এবং নতুন ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংক অত্যন্ত স্পষ্ট নির্দেশনা দিয়েছে। আমরা সবাই সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবো।”
পূর্বকোণ/পারভেজ

















