চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ঝটিকা মিছিল বেশির ভাগই ফেসবুক কেন্দ্রিক : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৫ | ৬:৩১ অপরাহ্ণ

 

‘রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ’ একটি দলের রাজনৈতিক কর্মসূচির বেশির ভাগই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

 

অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেন। এতে মনে হয় বড় মিছিল হয়েছে, কিন্তু বাস্তবে তেমন কিছু নয় বলে জানান সাজ্জাত আলী।

 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি-জাইকার আয়োজনে সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠানের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

 

একটি দল নিষিদ্ধঘোষিত, তারা ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করছে উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্ক আছি, যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।’ শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তি অস্বীকার করার সুযোগ নেই, তবে এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যক্রম নিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত ১৭ বছরে দেশে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমান কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত, যাঁদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। সামনে একটা নির্বাচন আসছে, পুলিশ দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট