ফণা তোলা সাপ চেনা তো সহজ, মানুষ চেনা ভার,
হাসির আড়ালে বিষ ঢেলে যায়,কত কী গোপন তার!
মুখে যার রয় মধুর বচন, অন্তরে জমা কাল,
ছদ্মবেশে সে ছড়িয়ে দেয় যে কঠিন ছলের জাল।
মিথ্যাচারে বিশ্বাস ভেঙে গড়ে যারা প্রতারণা,
মুখে মধু আর অন্তরে বিষ—এ কোন হিংস্র ভাবনা!
পঙ্কিল এই ছলের পথটি ছাড়ো হে মানবজাতি,
অহং-লোভের আঁধার মুছে আনো সত্যের জ্যোতি।
হিংসা-দ্বেষের আগুন নেভাও, অন্তর করো সাফ,
পরের সুখেতে সুখী হতে পারলে মুছে যায় সব পাপ।
পরশ্রীকাতর জ্বালা যেন কভু না জাগে মনমাঝে,
ভালোবাসার সুধা ঢেলে দাও মানবতার সেবাকাজে।
স্রষ্টা তো শুধু অন্তরেরই নিখাদ আলোটি চান,
মুখের কথার চেয়ে বড় হলো নিবেদিত মন-প্রাণ।
বাহিরের এই কৃত্রিম হাসি নয়, মন হোক আলোময়,
নির্মল বুকে সত্য প্রেমের সুবাস ছড়িয়ে রয়।
ইশকের টানে ভালোবাসায় বাঁধো সৃষ্টির সনে প্রাণ,
বিদ্বেষ ভুলে হৃদয়জুড়ে ছড়িয়ে দাও ভালোবাসা-দান।
মানুষ যদি গো মানুষ হিসেবে মানুষের পাশে রয়,
প্রেমের আলোয় এই ধরা হবে নিশ্চিত শান্তিময়।
প্রতারণা সয়ে যে হৃদয় শুধু ছড়ায় প্রেমের সুধা,
মুখোশ চিনেও মিটায় না কভু ছলের হিংস্র ক্ষুধা—
ক্ষমা করো তারে, তবু থেকো স্থির সত্যের অনুরাগে,
বিবেকেরই তীব্র দীপ্তিতে যেন আত্মসম্মান জাগে।
সত্যের পথে অবিচল থেকে শুদ্ধ করো এ মন,
বিবেক জাগুক প্রতি ক্ষণে ক্ষণে, পবিত্র হোক জীবন।
মুখোশ উপাড়ি প্রেমের পথে চলো রে নির্ভয় প্রাণ,
প্রেম ও বিবেকে বিশ্বজুড়ে জাগুক মানবজ্ঞান।
ক্ষমা রয় যেন হৃদয়ের কোণে, ঘৃণা যাক বহু দূরে,
বজায় রাখো হে দূরত্বটুকু শান্ত ও মার্জিত সুরে।
নিজের আলোয় দূর করো আজ সব গ্লানি-অবসাদ,
শাহেদ বলে, পরম প্রেমের মাঝেই রয় জীবনের আস্বাদ।















