
১লা বৈশাখের প্রভাতে জাগে নব আশার ডাক,
নববর্ষে রাঙুক ধরা—মুছে যাক অশ্রুর দাগ।
শুভ্র ভোরে বাজে শঙ্খ—নব দিনের আহ্বান,
ঘুচে যাক সব দুঃখ-জরা, হর্ষে মাতুক প্রাণ।
শুদ্ধ প্রাণে নামুক শান্তি, আলোয় ভরুক প্রাণ,
চৌদ্দশো তেত্রিশের গানে জাগুক সুমতি-জ্ঞান।
বিশ্বজুড়ে থামুক ক্রন্দন, স্তব্ধ হোক রণ-সুর,
মমতারই পুণ্য আলোয় ধরা হোক সুমধুর।
হানাহানি ভুলে মানুষ, মানুষকে করুক আপন,
বৈশাখের এই শুভ প্রাতে জাগুক নতুন জীবন।
হিংসার ঐ বিষ-বাষ্পে আসুক রুদ্র ঝড়,
ভেঙে যাক বিভেদ-প্রাচীর, মিলুক আপন-পর।
অসাম্প্রদায়িক রঙে রাঙুক এই ধরণীর বুক,
প্রতি নিশ্বাসে বয়ে আসুক অনাবিল এক সুখ।
শস্য-শ্যামল হোক এ ধরণী, শান্তিধারায় ভরা,
তিমির নাশি উদিত হোক আলোকস্নাত ধরা।
আত্মশুদ্ধির মহতী লগ্নে শপথ করি আজ,
মানবতা জাগুক হৃদয়ে, ঘুচুক মনের লাজ।
ভালোবাসার দীপ জ্বালো আজ, ঘুচুক যত ভেদ,
একতারই বন্ধনে আজ মুছুক সকল খেদ।
সত্য-শান্তির পথে চলো, হোক জীবনের জয়,
মানবতার পতাকা উড়ুক—চিরদিন নির্ভয়।
পূর্বকোণ/আরআর