চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

শিশুদের যৌন নির্যাতনের দায়ে ব্রিটেনে ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড

শিশুদের যৌন নির্যাতনের দায়ে ব্রিটেনে ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৬ | ৭:৩৮ অপরাহ্ণ

অনলাইনে ভুয়ো পরিচয়ে একের পর এক নাবালিকার সঙ্গে বন্ধুত্ব। তারপর প্রেমের ফাঁদে ফেলে যৌন নির্যাতন, অশ্লীল ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের দায়ে ব্রিটেনে ৩০ বছরের কারাদণ্ডের সাজা হল এক ভারতীয় ছাত্রের।

২৭ বছর বয়সী ওই ছাত্র বিলাল কাজিকে ‘সিরিয়াল অনলাইন গ্রুমার’ বলে উল্লেখ করেছে ব্রিটেনের প্রশাসন।

শুক্রবার (১৩ নভেম্বর) উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেস্টার ক্রাউন কোর্টে তার সাজা ঘোষণা করা হয়।

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের মুখে পড়ে যৌন নির্যাতন সংক্রান্ত একাধিক অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর হিসেবে পরিচয় দিতেন বিলাল।

এভাবে ১০ থেকে ১৫ বছর বয়সী নাবালিকাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁদের বিশ্বাস অর্জন করতেন। পরে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁদের দিয়ে অশ্লীল ছবি ও ভিডিও রেকর্ড করাতেন।

পরে আরও নানারকম দাবি করে বসতেন। কেউ রাজি না হলে তখনই ওই ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতেন অভিযুক্ত। ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের আইনজীবী মার্টিন ম্যাকরব জানিয়েছেন, অত্যন্ত পরিকল্পিতভাবে বহু নাবালিকাকে এভাবে ফাঁসিয়েছিলেন অভিযুক্ত বিলাল।

প্রথমে অনলাইনে বন্ধুত্ব করে তাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। অনেক নাবালিকাই তাঁকে সত্যিকারের প্রেমিক বলে বিশ্বাস করেছিল। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারা মানসিকভাবে ভেঙে পড়ে।

পুলিশের দাবি, বিলালের বিরুদ্ধে তদন্তে নেমে প্রাথমিকভাবে ১৮০ জন নির্যাতিতা নাবালিকার সন্ধান মেলে। তার ইলেকট্রনিক ডিভাইস থেকে উদ্ধার হওয়া ইউজারনেম এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখে তদন্তকারী দল নির্যাতিতাদের শনাক্ত করার কাজ শুরু করে।

অন্তত ৭০ জন নাবালিকার পরিচয় নিশ্চিত করা হয়। জানা গিয়েছে, ঘটনার সময় তাঁদের বয়স ছিল ১১ থেকে ১৭ বছরের মধ্যে। Snapchat, Roblox এবং Wink-এর মতো প্ল্যাটফর্মে মেয়েদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি।

নিজের পরিচয় দিতেন ‘রিস’ (Reece) নামে এক ব্রিটিশ কিশোর হিসেবে। অজ্ঞাতপরিচয় এক কিশোরের ছবি ব্যবহার করে নাবালিকাদের বিশ্বাস অর্জন করতেন। তারপর তাঁদের এমনভাবে প্রভাবিত করতেন, যাতে তারা মনে করেন, সত্যিকারের প্রেমের সম্পর্কে রয়েছেন।

কিন্তু এই কায়দাতেই এক নাবালিকাকে ব্ল্যাকমেল করতে গিয়ে ফাঁস হয়ে যায় বিলালের কীর্তি। তদন্তে উঠে এসেছে, স্ন্যাপচ্যাটে একটি নাবালিকাকে ভুয়ো পরিচয় দিয়ে ফাঁসিয়েছিলেন বিলাল।

মেয়েটিও বিশ্বাস করেছিল, বিলাল তার সমবয়সি। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও পরের দিকে মেয়েটিকে একাধিক আপত্তিকর প্রশ্ন করতে শুরু করেন অভিযুক্ত। ২০২১ সালের জুলাই মাসে ওই নাবালিকা বিলালকে জানায়, সে আর তার সঙ্গে প্রেমের সম্পর্কে থাকতে চায় না।

এমনকী কোনও ছবি বা ভিডিও পাঠাতেও রাজি নয়। এরপরই বিলাল তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন। সেই ভয়ে বাধ্য হয়ে ফের ছবি-ভিডিও পাঠাতে থাকে ওই নাবালিকা।

জানা গিয়েছে, কিছুদিন পর মেয়েটির স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। বিলালকে পাঠানো ব্যক্তিগত ছবি ও ভিডিও তার বন্ধুদের কাছে ছড়িয়ে পড়ে। ২০২১ সালের নভেম্বর মাসে ডার্বিশায়ার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই নাবালিকা।

তখনই পুলিশ জানতে পারে, বিলালের শেষ জানা ঠিকানা ছিল চেস্টারে। তারপর মামলার তদন্তভার যায় চেশায়ার পুলিশের হাতে। পরে জানা যায়, অভিযুক্ত দেশ ছেড়ে চলে গিয়েছেন।

২০২৩ সালের জুলাই মাসে ব্রিটেনে ফেরার সময় হিথরো বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এবার তাঁকে ৩০ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট