চট্টগ্রাম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সাংবাদিকের প্রশ্নে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

সাংবাদিকের প্রশ্নে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৬ | ২:১৭ অপরাহ্ণ

এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে তার শারীরিক গঠন নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করায় ওই সাংবাদিককে ‘অসুস্থ’, ‘জঘন্য’ ও ‘দেখতে ভয়াবহ’ বলে মন্তব্য করেন তিনি। এমনকি সাংবাদিককে নিজের শরীরের যত্ন নেওয়ার পরামর্শও দেন।
 
 
গালফ নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনা ঘটে। সম্প্রতি কানসাস ও আইওয়ায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল এবং ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই সাংবাদিক। কথোপকথনের একপর্যায়ে সাংবাদিক জানতে চান, টানা কয়েক সপ্তাহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালানোর পর অসুস্থ বোধ করায় ট্রাম্প কানসাস সফর বাতিল করেছেন কি না। এই প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, ‘এমন প্রশ্ন করতে গিয়ে আপনিই অসুস্থ। আপনি অসুস্থ।’ 
 
 
সাংবাদিক জানান, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। কিন্তু এরপর ট্রাম্প তার প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ শুরু করেন। একপর্যায়ে সাংবাদিকের কথা বলার ভঙ্গিও নকল করেন তিনি।
 
ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়।’
 
এরপর সাংবাদিক আবারও প্রেসিডেন্টের সুস্থতা নিয়ে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি বলেন, ‘আমি গত দুই সপ্তাহ ধরে নিজের অবস্থার দিকে নজর রাখছি। আমার একদম ভালো লাগছে।’ এসময় সাংবাদিককে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’
 
ট্রাম্পের সঙ্গে সাংবাদিকের এই বাক্যবিনিময়ের ঘটনা এমন সময়ে ঘটল, যখন তিনি সপ্তাহান্তে কানসাস ও আইওয়ায় পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন। আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওই দুই রাজ্যে রিপাবলিকান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মুখে রয়েছেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার কানসাসের সালিনায় এবং রোববার আইওয়ার ডুবুকে শহরে নির্বাচনী সমাবেশ করার কথা ছিল ট্রাম্পের।
 
কানসাস সফর বাতিলের বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না কানসাসে যাওয়া আমার জন্য জরুরি।’ তবে ওই রাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।
 
পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটিও আইওয়ার সমাবেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।
 
সমাবেশ বাতিলের কারণ নিয়ে প্রশ্ন এবং নিজের স্বাস্থ্য নিয়ে সাংবাদিকের অনুসন্ধানের জবাবে ট্রাম্পের এমন ব্যক্তিগত আক্রমণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
 
 
পূর্বকোণ/মিফতা
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট