ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়িয়ে ৭০০ করার পরিকল্পনা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
বুধবার (২৮ অক্টোবর) সংস্থাটির প্রধান আলেক্সি লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।
রোসাটমের প্রধান বলেন, ‘আমরা বুশেহর বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরাব না, বরং সেখানে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মীর সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করতে চাই।’
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কেন্দ্রটির নির্মাণ ও পরিষেবা খাতে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। তাদের সঙ্গে আরও ৫০০ জনের বেশি বিশেষজ্ঞ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, নতুন করে প্রায় ৫০৮ জন রুশ বিশেষজ্ঞ সেখানে যোগ দিতে পারেন।
এরই মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি নতুন ইউনিট নির্মাণের জন্য স্থান নির্ধারণসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন।
এর আগে সিআইএস সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর রোসাটমের প্রধান জানিয়েছিলেন, ইরানে বড় ও ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি নতুন স্থান বিবেচনা করা হচ্ছে।
পূর্বকোণ/রাকিব


















