চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পরিবার প্রেমিককে না মানায় ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, লাফ দেয়ার হুমকি

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬ | ৬:৩৫ অপরাহ্ণ

প্রেমিককে বিয়ে করার দাবিতে উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় প্রায় ১০০ ফুট উঁচুতে একটি মোবাইল ফোনের টাওয়ারে উঠে পড়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। পরিবারের সদস্যরা বিয়েতে সম্মতি না দেয়া পর্যন্ত তিনি নিচে নামতে অস্বীকৃতি জানিয়েছেন।
 
 
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জিও নিউজ জানায়, তরুণীর নাম সাহিবা বেগম, যিনি মেহেক নামেও পরিচিত। ২১ বছর বয়সী নূরুদ্দিনের সঙ্গে সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে তর্কের পর তিনি টাওয়ারটিতে উঠে পড়েন। ঘটনার সময় নূরুদ্দিন প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে কাজ করছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
 
মেহেক ও নূরুদ্দিন বিয়ে করতে চাইলেও তাদের পরিবারের সদস্যরা এই সম্পর্কের বিরোধিতা করছিলেন। পরে পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করলেও মেহেক প্রায় চার ঘণ্টা টাওয়ারে অবস্থান করেন।
 
 
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের দাবি পূরণ না হলে টাওয়ার থেকে লাফ দেয়ার হুমকিও দেন তিনি। খবর পেয়ে নারী পুলিশ সদস্যসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে নূরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করে দুই পরিবারের বিরোধ মেটানোর উদ্যোগ নেয়া হয়।
 
 
 
শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে স্থানীয় এক মুসলিম ধর্মীয় নেতা তাদের নিকাহ সম্পন্ন করেন। নূরুদ্দিন মুম্বাই থেকে অনলাইনে এতে অংশ নেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মেহেক টাওয়ার থেকে নামতে রাজি হন। পরে নারী পুলিশ সদস্যরা তাকে নিরাপদে নিচে নামতে সহায়তা করেন। এর মধ্য দিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান ঘটে।
 
 
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনার পর পুলিশ তরুণী মেহেক ও তাঁর পরিবারের লোকজনকে কাউন্সেলিংয়ের জন্য থানায় নিয়ে যায়। পরে তাঁকে মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাটি দেখতে সেখানে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে। প্রেমিক-প্রেমিকার বিয়ের ইচ্ছার সঙ্গে পরিবারের বিরোধিতার সংঘাত কীভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে, এ ঘটনা তা সামনে এনেছে।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট