মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। শুক্রবারও (২৩ অক্টোবর) তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল।
এতে টানা তৃতীয় সপ্তাহের মতো দাম বাড়ার পথে রয়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল। সৌদি আরবে হামলা এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলার প্রস্তুতির খবর বাজারে উদ্বেগ আরও বাড়িয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৩৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৩.৫৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৯৯.৮০ ডলার।
চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পেছনে সৌদি আরবে একাধিক হামলার খবর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইরান-সমর্থিত হুতি যোদ্ধারা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে হামলা চালিয়েছে। একই সঙ্গে দেশটির একটি তেলক্ষেত্র ও বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এমন একটি প্রতিবেদন প্রকাশের পরও তেলের দাম বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই আঞ্চলিক সংঘাতের প্রভাব জ্বালানি বাজারে অব্যাহত রয়েছে।
নিউইয়র্ক টাইমস চলতি সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই খবরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ আরও বেড়েছে।
চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম ৮৫ শতাংশের বেশি বেড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে।
সূত্র: এনডিটিভি
পূর্বকোণ/ইবনুর


















