চট্টগ্রাম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

টাইফুন আশঙ্কায় অচল তাইওয়ান, বাতিল ৯ শতাধিক ফ্লাইট

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চাম্পি, বাতিল ৯ শতাধিক ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ণ

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন চাম্পি তাইওয়ানের দিকে এগিয়ে আসছে। এ অবস্থায় শক্তিশালী বাতাস ও মুষলধারে বৃষ্টির আশঙ্কায় কার্যত স্থবির হয়ে পড়েছে দেশটি।
 
শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে শুক্রবার দ্বীপটিতে শত শত ফ্লাইট বাতিলের পাশাপাশি রেল, ফেরি ও সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ঝড়টি কিছুটা দুর্বল হলেও তাইওয়ানে সরাসরি আঘাত হানার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
 
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, চাম্পির কারণে শুক্রবারের জন্য নির্ধারিত তাইওয়ানের ২৬২টি অভ্যন্তরীণ ও ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের আগাম সতর্কতা হিসেবে রেল ও ফেরি চলাচল স্থগিত করার পাশাপাশি কয়েকটি মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।
 
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া চাম্পি চলতি বছর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট অন্যতম শক্তিশালী ঝড়।
 
ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৯১ কিলোমিটার বা ১১৯ মাইল পর্যন্ত পৌঁছেছিল। আবহাওয়া প্রশাসন জানায়, শুক্রবার ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল।
 
পূর্বাভাস অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের পাশ দিয়ে এগিয়ে চীনের উপকূলের দিকে যাবে। পরে দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হতে পারে।
 
ঝড়ের প্রভাবে তাইওয়ানে এখন পর্যন্ত একজন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন। সম্ভাব্য বিপর্যয় এড়াতে পাহাড়ি এলাকা থেকে প্রায় ১ হাজার ৩০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
 
তাইওয়ানের আবহাওয়া প্রশাসনের পূর্বাভাসক লিউ পেই-তেং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দ্বীপটির কাছে এসে ঝড়টি যদি স্থির হয়ে যায়, বৃত্তাকারে ঘোরে কিংবা গতিপথে দুলতে থাকে, তাহলে সরাসরি আঘাত হানার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না।
 
তথ্যসূত্র: রয়টার্স
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট