সৌদি আরবের দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে বুধবার সৌদি আরবের শাইবাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টাকালে একটি ড্রোন প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ঘটনায় দুজন নিহত হন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
হুথি বাহিনী ও সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে, হুথিদের চলমান হামলার মধ্যে বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুথিদের আরও হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সূত্র: আল-জাজিরা
পূর্বকোণ/ইবনুর
কোনো সাজেশন পাওয়া যায়নি


















