চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৬ | ১:১৭ অপরাহ্ণ

কুমিল্লার চান্দিনা উপজেলার মো. সাগর (২৪) নামের এক তরুণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে তার পরিবার ও স্থানীয় সূত্র।

সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তাঁর বোনের মোবাইল ফোনে মেসেজ পাঠান, ‘সাগর আর নেই’! এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মূর্ছা যান তাঁর মা। পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিম্নবিত্ত পরিবারের সন্তান সাগর। উপজেলা সদরে কিশোর বয়স থেকেই রিকশা-ভ্যান চালিয়ে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতেন।

২০২৫ সালের মাঝামাঝিতে ৬ লাখ টাকায় রাশিয়ায় পাড়ি জমান সাগর। সেখানে প্রায় ৭০ হাজার টাকা বেতনে একটি বেকারিতে কাজ নেন।

রাশিয়ায় এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় সাগরের। ওই দালাল তাকে রুশ সেনাবাহিনীতে চাকরিতে নিযুক্ত করে দেবেন বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান।

চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চলে যান সাগর। এরপর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সাগরের চাচা আব্দুল আওয়াল বলেন, ‘সাগর যখন রাশিয়ার বেকারিতে চাকরি ছেড়ে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরির কথা আমাকে জানায়, তখন তাকে নিষেধ করেছিলাম। ওই দেশের দালাল তাকে ভুল তথ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছে। শনিবার তার বন্ধু জানিয়েছে, সাগর মারা গেছে।’

সাগরের বাবা কবির হোসেন বলেন, ‘সবজির ব্যবসা করেছি। দীর্ঘদিন নানা রোগে অসুস্থ। অনেক ধার-দেনা করে তাকে বিদেশ পাঠিয়েছি। প্রায় ৪-৫ মাস যাবত ছেলেটার সাথে কথাও বলতে পারি নাই। এখন শুনি আমার ছেলে আর নাই।’ এই বলে বাকরুদ্ধ হয়ে পড়েন কবির হোসেন।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’

 

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট