চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ পুণ্যার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৬ | ১০:৩৮ পূর্বাহ্ণ

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ওপর উঠে গেছে একটি ট্রাক। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
 
শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। 
 
গোয়ালিয়রের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছিনোর দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক খাড়া ঢালের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই ঢাল দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ।
 
জানা গেছে, ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে থাকা তীর্থযাত্রীদের ওপর উঠে যায় এবং পরে মন্দিরের বাইরের দেয়াল ও গেটে গিয়ে ধাক্কা খায়।
 
এসএসপি ধর্মবীর সিং বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। প্রচুর পুণ্যার্থী শীতলা মাতা মন্দিরের দিকে যাচ্ছিলেন। ছিনোর দিক থেকে আসা রাস্তাটিতে একটি খাড়া ঢাল রয়েছে, যেখানে ভারী যান চলাচল নিষিদ্ধ। রাত দেড়টার দিকে ধানবোঝাই একটি ট্রাক সেখানে থামানো হয়েছিল। সেটি পুলিশের ব্যারিকেড ভেঙে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে আসে এবং মন্দিরের বাইরের দেয়াল ও গেটে ধাক্কা দেয়। রাস্তার ওপর থাকা ভক্তরা এর নিচে পিষ্ট হন।
 
তিনি আরও বলেন, সেখানে দায়িত্বরত দুই পুলিশও আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।
 
এসএসপি জানান, ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যার মধ্যে ১২ জন মারা গেছেন। অন্তত পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন, বাকিদের আঘাত সামান্য।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট