চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু, আহত ২৫

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৬ | ১:২৫ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে অতিরিক্ত ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সপ্তমীর পূজা উপলক্ষে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সপ্তমীর সন্ধ্যায় প্রতিমা দর্শনের জন্য চোরবাগানের পূজামণ্ডপে বিপুলসংখ্যক দর্শনার্থী ভিড় করেন। এ সময় কলকাতার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি শুরু হলে বাইরে অপেক্ষমাণ দর্শনার্থীদের অনেকে বৃষ্টি থেকে বাঁচতে একসঙ্গে মণ্ডপে প্রবেশের চেষ্টা করেন। এতে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন মাটিতে পড়ে গেলে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, পূজামণ্ডপে প্রবেশের পর দর্শনার্থীদের চলাচলের জন্য একটি বৃত্তাকার উঁচু করিডর তৈরি করা হয়েছিল। এই করিডর দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ থেকে বের হওয়ার ব্যবস্থা ছিল। সেখানেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি পর্যবেক্ষণ বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ১১ জনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, পূজামণ্ডপের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে কারা ছিলেন, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। পূজা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের থানায় ডাকার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর চোরবাগান পূজামণ্ডপের আলোকসজ্জা বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শনার্থীদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন না। সাহায্য চেয়েও সময়মতো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন অনেকে।

তবে পূজার অন্যতম উদ্যোক্তা বিকাশ দাস জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। আপাতত আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের পূজার মূল ভাবনা ছিল ‘অরব’, যার ইংরেজি নাম ‘বিয়ন্ড সাউন্ড’। বিশেষ নকশার ৩৬০ ডিগ্রি মণ্ডপটি দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল।

এ পূজার আয়োজনে রাজনৈতিক ব্যক্তিদেরও সম্পৃক্ততা রয়েছে। পূজা কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা। এ ছাড়া উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষও আয়োজনের সঙ্গে যুক্ত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট