চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক- নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২:০৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’ এর কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সির ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
 
 
দুই অঙ্গরাজ্যের বিভিন্ন উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যার সতর্কতা জারি রয়েছে।
 
 
শনিবার (২৬ সেপ্টেম্বর) আঘাত হানা শক্তিশালী ঝড়ের প্রভাবে নিউইয়র্কে একজনের মৃত্যু হয়েছে। ব্রুকলিনের ইস্ট নিউইয়র্ক এলাকায় গাছ ভেঙে পড়লে ৫৬ বছর বয়সী লেইটন ব্রাউন নিহত হন। তিনি নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির কর্মী ছিলেন।
 
 
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক সিটি, নাসাউ, সাফোক ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল আটটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
 
 
ঝড়ের কারণে শনিবার একপর্যায়ে উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। রাত পর্যন্ত ৭৩ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
 
 
বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে। শনিবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমানবন্দর-সংশ্লিষ্ট ৪৪৫টি ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ১৬টি বিলম্বিত হয়।
 
 
প্রতিকূল আবহাওয়ার কারণে খেলাধুলা ও বিনোদনের সূচিতেও পরিবর্তন এসেছে। নিউইয়র্কের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল বাতিল করা হয়েছে। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে এড শিরানের দুটি কনসার্টও বাতিল হয়।
 
 
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউ ইংল্যান্ডের কিছু এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস ও উপকূলীয় বন্যার ঝুঁকি সোমবার পর্যন্ত থাকতে পারে।
 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট