চট্টগ্রাম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের পদযাত্রা, ইসলামাবাদে নিরাপত্তা জোরদার

ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের পদযাত্রা, ইসলামাবাদে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পদযাত্রা ঘিরে ইসলামাবাদে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ, জনসমাবেশ নিষিদ্ধ এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের কারণে অনেকটা অচল হয়ে পড়েছে শহরের স্বাভাবিক কার্যক্রম।
 
 
গত শুক্রবার পিটিআই নেতারা আলোচনা করেন, আগামী রবিবার থেকে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরু করা হবে কি না। দলের একাংশ রবিবার থেকেই ধীরে ধীরে রাজধানীর দিকে অগ্রসর হওয়ার পক্ষে মত দিয়েছে।
 
 
অন্যরা কর্মসূচি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ইমরান খান ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়ার পর থেকে কারাগারে রয়েছেন।
 
তার কারাবাসের পরিবেশ, চিকিৎসা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে পিটিআই। দলটির দাবি, তাকে একাকী রাখা হয়েছে এবং কয়েক মাস ধরে তার চিকিৎসা ও স্বজনদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেছেন, ইমরান খানের কারাগারের পরিস্থিতির উন্নতি এবং মামলাগুলোতে ন্যায্য শুনানির সুযোগ নিশ্চিত না হলে তারা পদযাত্রা করবেন।
 
পিটিআইয়ের অভিযোগ, বিক্ষোভ ঠেকাতে সরকার ইসলামাবাদ অবরুদ্ধ করেছে এবং দলের নেতাদের আটক করছে। দলটির দাবি, ইতোমধ্যে কয়েক ডজন নেতা ও সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে। গত সোমবার ইমরান খানের তিন বোনকেও আটক করা হয়।
 
রাজধানীতে প্রায় ২২ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সড়ক বন্ধ করতে বসানো হয়েছে এক হাজারের বেশি কনটেইনার। খাইবার পাখতুনখাওয়াতেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে পেশোয়ার-ইসলামাবাদ মহাসড়কের কিছু অংশ।
 
এর আগে পিটিআইয়ের বিক্ষোভে দলটির সমর্থকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়েছিল। এবারও বড় জমায়েত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
পূর্বকোণ/রাকিব 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট