এক সপ্তাহের টানা ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সৌদি আরবে হুতিদের হামলা বাড়ার আশঙ্কার মধ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা দশমিক ৬৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ৯৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে তেলের বাজারে ব্যাপক ওঠানামার পর শুক্রবারের এই দরপতন হলো। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা সংঘাত থেকে বেরিয়ে আসার একটি ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
এই পরিকল্পনার আওতায় তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং ওয়াশিংটন ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করছে।
বিশ্লেষকদের মতে, এখন তেলের বাজারে মূল নজর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতির দিকে। যুদ্ধবিরতির বাস্তব অগ্রগতি হলে তেলের দামে আরও চাপ তৈরি হতে পারে, আর আলোচনা ব্যর্থ হলে উল্টো সরবরাহ-ঝুঁকি বাড়তে পারে।
পূর্বকোণ/মিফতা


















