চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই ৯ যাত্রীর মৃত্যু

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই ৯ যাত্রীর মৃত্যু

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার পর্যটকবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীসহ অন্তত ৯ জন দগ্ধ হয়ে মারা গেছেন এবং বহু যাত্রী আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

নয়ডা থেকে উত্তর প্রদেশের মহোবার উদ্দেশ্যে যাত্রা করা বাসটিতে ঘটনার সময় ৩৪ জনেরও বেশি যাত্রী ছিলেন। ভোরবেলা অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি বুঝতেই অনেকের বেশ কিছুটা সময় লেগে যায়। আগুন দেখতে পেয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন অনেকেই, যার ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

 

এই প্রসঙ্গে এক যাত্রী সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “ঘুমোচ্ছিলাম। একজন বললেন, বাসে আগুন লেগেছে। আমরা ভয়ে চিৎকার করতে শুরু করি। বাস থেকে বেরোনোর কাজটা সহজ ছিল না। কারণ চারদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। কোনও রকমে আমরা বাইরে বেরিয়ে আসি।”

 

আগুন লাগার বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই বাসের মধ্যে হইচই শুরু হয়। কাচের জানলা ভেঙে বাইরে ঝাঁপ দেন যাত্রীদের অনেকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকল। উদ্ধারকাজ শুরু হয়। বাসের ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার সার্বিক খোঁজখবর নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট