চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৫৫ পূর্বাহ্ণ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বৈঠকটিকে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেছেন।
 
 
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দীর্ঘ বৈঠক হয়েছে এবং আলোচনাটি ইতিবাচক ছিল। তিনি জানান, খুব শিগগিরই ইরানের প্রতিনিধিদের সঙ্গে আবারও বৈঠক হতে পারে। 
 
 
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও বৈঠকটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলেছে। আলোচনাটি সফলভাবে শেষ হয়েছে বলেও জানান তিনি।
 
 
তবে বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কিছু শর্ত তুলে ধরা হয়েছে বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এর মধ্যে রয়েছে নৌ অবরোধ তুলে নেওয়া, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড় করা এবং যুদ্ধের অবসান।
 
 
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেন, কোনো সমঝোতার মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হয়ে রয়েছে।
 
 
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অবস্থান করছেন। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও নতুন করে আলোচনায় এসেছে। তবে দুই দেশের মধ্যে মূল বিরোধগুলোর কতটা মিটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। সূত্র: আল জাজিরা ও রয়টার্স
 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট