বাংলাদেশ থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের এক যাত্রীর কাছ থেকে বিপুল মাদক জব্দ করেছে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার ২১ সেপ্টেম্বর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৫-এ তল্লাশি চালিয়ে এক বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস সূত্রে জানা যায়, আটক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯.৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঐ যাত্রীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
উদ্ধার মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তাকে স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কুয়েত সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশটির বিমানবন্দরসহ সব স্থল প্রবেশপথে মাদক চোরাচালান রোধে নিরাপত্তা ও তল্লাশি জোরদার করা হয়েছে। ইতোপূর্বেও মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার আওতায় এনেছে কুয়েত আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ থেকে যাওয়া বিমানে এত বড় মাদকের চালান কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং পার হলো- তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা।
যার ফলে দেশটিতে থাকা বাংলাদেশিদের এবং শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও তল্লাশি প্রক্রিয়া পেরিয়ে এত বড় চালানের বাইরে যাওয়া উদ্বেগের। এ ঘটনায় কোনো কর্মকর্তা বা চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান কুয়েত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।
পূর্বকোণ/পারভেজ
















