চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

আমিরাতের জাহাজ আটক করে ইরানে নিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড

আমিরাতের জাহাজ আটক করে ইরানে নিয়ে গেছে বিপ্লবী গার্ড

অনলাইন ডেস্ক

২১ আগস্ট, ২০২৬ | ৩:০১ অপরাহ্ণ

হরমুজ প্রণালি থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এখন জাহাজটিকে নিজেদের বন্দর আব্বাসে নিয়ে গেছে তারা।

বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানায়। বার্তাসংস্থাটি বলেছে, হরমুজের কেশম দ্বীপের কাছ থেকে আমিরাতভিত্তিক কোম্পানির জাহাজটিকে আটকানো হয়। এরপর এটির গতিপথ বদলে বন্দর আব্বাসের দিকে নেওয়া হয়।

তবে সংবাদমাধ্যম ইরানওয়ার জানিয়েছে, সামুদ্রিক জাহাজ চলাচল বিষয়ক একটি সংস্থা জানিয়েছে, বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং এটির মালিক ভারতের।

অপরদিকে ফার্স নিউজ জানিয়েছে, জাহাজটি আমিরাতের কোম্পানির। জাহাজটি আমিরাতের জেবেল আলি বন্দরে যাচ্ছিল। এরপর এটির গতিপথ বদলে বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা জাহাজের কোনো নাম প্রকাশ করেনি।

জাহাজ চলাচল ডাটার তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসের দিকে যাওয়া জাহাজটির নাম ‘আমারা’। এটি গত ১৭ আগস্ট হরমুজ প্রণালির পূর্ব দিকে প্রবেশ করে। এ সময় এটির স্বয়ংক্রিয় শনাক্ত ব্যবস্থা সচল ছিল।

ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, জাহাজটি হরমুজে ইরানের ঠিক করে দেওয়া রুটেই চলছিল। এরপর এটিকে আটকে দেওয়া হয়। তবে কী কারণে ট্যাংকার জাহাজটি আটক করা হলো সেটির সুস্পষ্ট কারণ এখনো জানা যায়নি। আমিরাতও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

‘আমারা’ একটি রাসায়নিক ও তেলপণ্য বহনকারী জাহাজ। এটির ধারণ ক্ষমতা ৪৮ হাজার মেট্রিক টন।

সূত্র: ফার্স, ইরানওয়ার

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট