নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকা ডুবে গিয়ে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিবিসির বরাতে জানা যায়, ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে যানটি উল্টে যায়, যাদের অধিকাংশই শিশু।
পুলিশ মুখপাত্র আহমেদ রুফাই বৃহস্পতিবার জানান, গোরোনি অঞ্চলের গোরাউ এলাকার কাছ থেকে ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।
জরুরি পরিষেবা ও নিরাপত্তা সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে বলে জানান জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র এজেকিয়েল মানজো। রয়টার্সকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, শিশুরা ধান কাটার কাজের উদ্দেশ্যে খামার মালিক ও শ্রমিকদের সঙ্গে যাত্রা করেছিল। দাফনের পূর্বে স্থানীয় একটি মসজিদের সামনে পাটি ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো ৫০টি লাশ রাখা হতে দেখেন তিনি।
নাইজেরিয়ায় দুর্বল সড়ক যোগাযোগ ও ব্রিজের অভাবে দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনে অধিকাংশ গ্রামীণ মানুষ নৌপথের ওপর নির্ভর করে। তবে অতিরিক্ত যাত্রী বহন, নৌকার বাজে রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা আইনের সঠিক প্রয়োগ না থাকায় দেশটিতে বারবার ভয়াবহ নৌকা দুর্ঘটনা ঘটে চলেছে।
সূত্র: বিবিসি
পূর্বকোণ/এএইচ
















