চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কলকাতায় আগুনে ৯ জনের মৃত্যু: হোটেল ‘শিখা ইন’র ইজারাদার গ্রেপ্তার

কলকাতায় আগুনে ৯ জনের মৃত্যু: হোটেল ‘শিখা ইন’র ইজারাদার গ্রেপ্তার

২০ আগস্ট, ২০২৬ | ১:০০ অপরাহ্ণ

কলকাতায় নিউমার্কেট এলাকায় আবাসিক হোটেল অগ্নিকাণ্ডে ৯ জন নিহতের ঘটনায় সেই ‘শিখা ইন’র ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৯ আগস্ট) রাতে কলকাতার এন্টালি মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তবে হোটেল মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো হদিশ মেলেনি।

 

আনন্দবাজার লিখেছে, আবু জাফর ছাড়াও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানানো হয়নি। এ দুজনের মধ্যে ‘শিখা ইন’ লাগোয়া হোটেল ‘যাপন’র এক কর্মী রয়েছেন।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীররাতে ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হন। তাদের মধ্যে সাতজনই বাংলাদেশি।

 

নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত হোটেলটিতে সূত্রপাত হওয়া আগুন পরে আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে। আগুন যখন লাগে, হোটেলের অতিথিরা তখন ঘুমিয়ে ছিলেন। হোটেলের ঘরগুলো ধোঁয়ায় ভরে গেলে আতঙ্কিত অতিথিরা ছুটাছুটি শুরু করেন।

 

ওই হোটেলের কাছেই কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। নিউ মার্কেট থানা পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলও উদ্ধারকাজে যোগ দেয়।

 

স্থানীয়দের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল না। গলগল করে শুধু কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল।

 

আগুন লেগেছে বুঝতে পেরে হোটেলের অতিথিরা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু গলির মধ্যে ওই ভবনে ঢোকা বা বের হওয়ার পথ খুবই সঙ্কীর্ণ। সে সময় সেখানে হুড়োহুড়ি পড়ে যায়।

 

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবন থেকে ৬০ জনকে উদ্ধার করেন। তাদের অনেকেই ধোঁয়ায় অচেতন হয়ে পড়েছিলেন; তাদের হাসপাতালে পাঠানো হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট