চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ ৭ জন নিহত

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ণ

কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান মাইকেল সেনসি কন্টুগি, তার স্ত্রী স্টেফানি কন্টুগি এবং ৫ জন মার্কিন নাগরিক। তারা সবাই হেলিকপ্টারটির যাত্রী ছিলেন।

 

গতকাল বুধবার সকালে কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরে সামুবুরু জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কেনিয়ার বেসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষ (কেসিএএ) থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় সংরক্ষিত বন লোইসাবা ওয়াইল্ডলাইভ রিজার্ভ থেকে রওনা হয়েছিল হেলিকপ্টারটি।

 

হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেটি পাহাড়ি এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রসের কেনিয়া শাখা। সে ছবি দেখে ধারণা করা হচ্ছে, মাটিতে ভূপাতিত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে গিয়েছিল। পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধারকারী বাহিনীর সদস্যদেরও ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে।

 

কেসিএএ-এর অধীন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এএআইডি) পরিচালক ফ্রেডরিক কাবুঙ্গে এএফপিকে বলেছেন, “হেলিকপ্টারটিতে মোট ৮ জন ছিলেন। একজন চালক এবং বাকি সাত জন যাত্রী। সবাই নিহত হয়েছেন।”

 

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সামবুরু জেলার পুলিশ ডেভিড এনকোরোই এএফপিকে বলেন, “দুর্ঘটনা ঘটার পর সেখানে উদ্ধারকারী বাহিনী পাঠানো হয়েছিল। অন্ধকার, পার্বত্য এলাকা এবং দুর্ঘটনাস্থলের জটিল পরিস্থিতির কারণে আজ রাতের জন্য তৎপরতা মুলতবি করা হয়েছে। আগামী কাল বৃহস্পতিবার থেকে ফের তৎপরতা শুরু হবে।

 

এদিকে, বিধ্বস্ত হেলিকপ্টারটির যাত্রীদের মধ্যে যে ইকুয়েডরের গোয়েন্দা বিভাগের প্রধান মাইকেল সেনসি কন্টুগি এবং তার স্ত্রী স্টেফানি কন্টুগি ছিলেন, তা প্রথম নিশ্চিত করেন দেশটির পরিবহনমন্ত্রী রবার্তো লুকু। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় মন্ত্রী বলেন, “মাইকেল এবং স্টেফানি খুব দ্রুত আমাদের ছেড়ে চলে গেলেন। তাদের পরিবার, বিশেষ করে তাদের শিশু ও পিতা-মাতার জন্য আমার চিন্তা হচ্ছে।

 

পূর্বকোণ/সিজান/সারোয়ার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট