চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি ৯৭ বছর বয়সে মারা গেছেন। বুধবার বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা ঝু চীনের “অর্থনৈতিক সম্রাট” নামে পরিচিত ছিলেন। তার আমলে কেন্দ্রীয় নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে চীন বাজারবান্ধব অর্থনীতিতে রূপান্তরিত হয়, দারিদ্র্য কমে এবং মধ্যবিত্ত শ্রেণির সম্প্রসারণ ঘটে।
আন্তর্জাতিকভাবে তিনি সবচেয়ে বেশি স্মরণীয় ২০০১ সালে চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্ত করার নেতৃত্বের জন্য। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের ফলে প্রায় ৪ কোটি মানুষ চাকরি হারান, যা নিয়ে সমালোচনাও হয়েছিল।
হুনান প্রদেশে জন্ম নেওয়া ঝু (সিংহুয়া বিশ্ববিদ্যালয়) তড়িৎ প্রকৌশল পড়েন। মাও সে তুংয়ের আমলে দুইবার রাজনৈতিক নিপীড়নের শিকার হন। ১৯৮৮ সালে সাংহাইয়ের মেয়র হওয়ার পর দেং শিয়াওপিংয়ের নজরে আসেন এবং ১৯৯১ সালে উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হন।
পূর্বকোণ/আদর/আরআর
















