চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১২, উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১২, উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট, ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ণ

রাতভর ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে। হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে রাতভর বড় ধরনের হামলা চালায় রাশিয়া।

 

জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়া হামলা বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো, উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং সেনা সমাবেশের প্রস্তুতি সবকিছুই দেখাচ্ছে যে মস্কো শান্তির পরিবর্তে সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

 

রাতভর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপোরিঝঝিয়া শহর। জেলেনস্কি জানিয়েছেন, সেখানে অন্তত ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। হামলার পর শহরের বিভিন্ন ভবন ও যানবাহনে আগুন ধরে যায়।

 

জেলেনস্কির দাবি, শহরটিতে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জিরকন ক্ষেপণাস্ত্র ও নির্দেশিত বোমা ব্যবহার করা হয়েছে। বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি করাই হামলার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি।

 

নিহতদের সবাই জাপোরিঝস্তাল ইস্পাত কারখানার কর্মী বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাদের বিবৃতিতে বলা হয়, বিমান হামলার সতর্কতা জারির পর কর্মীরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে আরও ২১ কর্মী আহত হয়েছেন।

 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাতের হামলায় দনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলে আরও ছয়জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভের একটি সংক্রামক রোগের হাসপাতালেও হামলা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এ ছাড়া খেরসন ও খারকিভে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

 

দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে রুশ ড্রোন হামলায় ৭৫ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলায় কিয়েভ ও জাপোরিঝঝিয়ার প্রতিরক্ষা শিল্পের স্থাপনা এবং পরিবহন ও সরবরাহকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

 

এদিকে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেক্সান্দর গুসেভ। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি গুদামে আগুন ধরে যায়।

 

সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূখণ্ডের অনেক গভীরে হামলা বাড়িয়েছে ইউক্রেন। এর পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে রাশিয়া।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট