চট্টগ্রাম রবিবার, ০৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য বাঁচল দুই উড়োজাহাজ

মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য বাঁচল দুই উড়োজাহাজ

অনলাইন ডেস্ক

৯ আগস্ট, ২০২৬ | ৪:৩৪ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরের টারম্যাকে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুটি উড়োজাহাজ। শেষ মুহূর্তে উভয় উড়োজাহাজ থামানো সম্ভব হলেও এতে একজন কেবিন ক্রু আহত হয়েছেন এবং কাতার এয়ারওয়েজের উড়োজাহাজের সামনের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার সিডনি বিমানবন্দরের টারম্যাকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। ঘটনাটি তদন্ত করছে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, জেটস্টারের একটি এ৩২০ উড়োজাহাজ কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ফ্লাইট ক্রুরা একটি ক্রসিং ট্যাক্সিওয়েতে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজকে খুব কাছে দেখতে পান। উড়োজাহাজটি একটি এয়ারক্রাফট টাগ দিয়ে টেনে নেওয়া হচ্ছিল।

পরিস্থিতি বুঝতে পেরে উভয় উড়োজাহাজকে আকস্মিকভাবে থামানো হয়। এতে জেটস্টারের একজন কেবিন ক্রু সদস্য আহত হন। অন্যদিকে, কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটির সামনের চাকা ও সেটিকে টেনে নেওয়া টাগবোটের মধ্যকার সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাস জানিয়েছে, তারাও ঘটনাটি তদন্ত করছে।

জেটস্টারের এক মুখপাত্র বলেন, তাদের উড়োজাহাজটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা অনুসরণ করছিল। এ সময় অন্য একটি উড়োজাহাজ খুব কাছে চলে আসায় পাইলটরা জোরে ব্রেক করতে বাধ্য হন।

ঘটনার বিষয়ে কাতার এয়ারওয়েজের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

পূর্বকোণ/রেহেনুমা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট