থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের অদূরে একটি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহত ৬ এবং আহত ১৫ জনের সংখ্যা নিশ্চিত করতে পেরেছে দেশটির পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় অবস্থিত ডেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। তবে তার উদ্দেশ্য বা ঘটনার বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ননথাবুরি প্রদেশের প্লাই ব্যাং উপজেলা পুলিশের প্রধান লেফটেন্যান্ট কর্নেল পাসাকর্ন চাইতাউইওং রয়টার্সকে জানিয়েছেন, হতাহতের ঘটনা ঘটেছে, তবে নিহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ননথাবুরি প্রাদেশিক পুলিশের শীর্ষ নির্বাহী দেচরাপি কংদি সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। হামলাকারী ওই শিক্ষার্থীর নাম প্রকাশ করেননি তিনি, তবে বলেছেন যে নবম গ্রেডে পড়ত ওই শিক্ষার্থী এবং তার বয়স আনুমানিক ১৪ বছর।
জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, গুলির ঘটনার পর আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত স্কুল ভবন থেকে বেরিয়ে আসছে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। একটি ছবিতে একজন আহতকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের বাইরে নেওয়া হচ্ছে এবং আরেকজনকে চিকিৎসাকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।
এটি চলতি বছরে থাইল্যান্ডের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় বড় ধরনের গুলির ঘটনা। এর আগে ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলের হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় একজন শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী আহত হন।
ঘটনার তদন্ত শুরু করেছে থাই পুলিশ। হামলার কারণ এবং হতাহতের প্রকৃত সংখ্যা জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: রয়টার্স
পূর্বকোণ/ইবনুর














