যুক্তরাজ্যের ওয়েলসের একটি হাসপাতালের ছাদে কালো পোশাক পরে ‘গ্রিম রিপার’ বা মৃত্যুর প্রতীকসদৃশ চরিত্রের বেশে উঠে রোগী ও হাসপাতাল কর্মীদের আতঙ্কিত করার ঘটনায় এক যুবককে জরিমানা করেছে আদালত।
অভিযুক্ত ২৬ বছর বয়সী লিওন গিলেস্পি দাবি করেছেন, তিনি আসলে ‘গ্রিম রিপার’ নন, কাকের পোশাক পরে ছিলেন। তবে তার কর্মকাণ্ডে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবা সংস্থাগুলোকে ঘটনাস্থলে যেতে হয়।
ঘটনাটি ঘটে ২০২৬ সালের জুনে, উত্তর ওয়েলসের ইয়সবিটি গ্লান ক্লুইড হাসপাতালের ছাদে। কালো আলখাল্লা পরে এবং হাতে কাস্তের মতো দেখতে একটি লম্বা বস্তু নিয়ে গিলেস্পি প্রায় ৫০ মিনিট ধরে হাসপাতালের ছাদে অবস্থান করেন। নিচে থাকা রোগী, স্বজন এবং কর্মীদের দিকে তাকিয়ে থাকায় অনেকেই ভয় পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে পুলিশ তাকে ছাদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে। আদালতে তিনি এনএইচএস হাসপাতাল প্রাঙ্গণে অযৌক্তিকভাবে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগ স্বীকার করেন। আদালত তাকে ২০০ পাউন্ড জরিমানা করে। একই শুনানিতে আগের দুটি দোকান থেকে চুরির মামলার জরিমানাও যুক্ত হওয়ায় তাকে মোট প্রায় ৪৫০ পাউন্ড পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
ঘটনার পর হাসপাতাল পরিচালনাকারী বেটসি ক্যাডওয়ালাডার ইউনিভার্সিটি হেলথ বোর্ড পুনর্ব্যক্ত করেছে যে, হাসপাতাল প্রাঙ্গণে ভয়ভীতি সৃষ্টি, আগ্রাসী আচরণ বা জনদুর্ভোগের ব্যাপারে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।
পুলিশ জানিয়েছে, চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ অমান্য করার অভিযোগেই তার বিরুদ্ধে মামলা করা হয়। আদালতের রায়ের মাধ্যমে সেই মামলার নিষ্পত্তি হয়েছে।
পূর্বকোণ/রাকিব















