চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বিয়েতে মাকে আমন্ত্রণ না দেওয়ায় কর্মীকে ছাঁটাই

বিয়েতে মাকে আমন্ত্রণ না দেওয়ায় কর্মীকে ছাঁটাই

অনলাইন ডেস্ক

৬ আগস্ট, ২০২৬ | ১২:১৯ অপরাহ্ণ

মায়ের চেহারার জন্য লজ্জিত হওয়ার ভয়ে নিজের বিয়েতে আমন্ত্রণ না দেওয়ায় এক কর্মীকে চাকরিচ্যুত করেছেন চীনের এক বিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। নেটদুনিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

গত ২১ জুলাই হেনান কুয়াংশান ক্রেন কোম্পানির গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চুই পেইজুন এই ঘটনাটি প্রকাশ্যে আনেন। তিনি জানান, চুই পেইজুন জানান, তিনি ওই কর্মীর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন, বরের বৃদ্ধা মা আয়োজনে নেই। তিনি কারখানার পাশে একা বসে আছেন। বিষয়টিতে সন্দেহ হলে তিনি ওই কর্মীকে প্রশ্ন করেন।

 

তখন কর্মী জানান, তিনি মাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি। মায়ের সাধারণ রূপ ও চেহারা অতিথিদের সামনে তাঁকে অস্বস্তিতে ফেলতে পারে বলে তিনি ভেবেছিলেন। কর্মীর মুখে এমন কথা শুনে ভীষণ ক্ষুব্ধ হন প্রতিষ্ঠানপ্রধান। তিনি কর্মীকে মনে করিয়ে দেন, শৈশবে বাবা মারা যাওয়ার পর এই মা একা কষ্ট করে তাঁকে মানুষ করেছেন। এর পরপরই তিনি কর্মীকে তাৎক্ষণিক বরখাস্ত করেন।

 

চায়না মর্নিং আরও জানায়, বরখাস্ত হওয়ার পর অন্য কোথাও চাকরি না পেয়ে ওই কর্মী চুইয়ের অফিসে এসে হাঁটু গেড়ে ক্ষমা চান। কিন্তু সিদ্ধান্ত বদলাননি এই মালিক। তবে কর্মী বরখাস্ত হলেও বৃদ্ধ মায়ের আর্থিক সুরক্ষার দায়িত্ব নিয়েছেন চুই পেইজুন। তিনি ওই নারীকে নিজের প্রতিষ্ঠানের রসদ (লজিস্টিকস) বিভাগে চাকরি দিয়েছেন। সেখানে তাঁকে ছেলের সমপরিমাণ বেতন দেওয়া হচ্ছে।

 

চীনে কর্মীদের প্রতি উদারতার জন্য বেশ নাম রয়েছে চুইয়ের। চলতি বছরের শুরুতে কর্মীদের বাড়ি ও অন্যান্য ঋণের বোঝা কমাতে ১৮০ মিলিয়ন ইউয়ান (প্রায় ২৫৪ কোটি রুপি) বর্ষশেষ বোনাস দিয়ে তিনি চীনের সবচেয়ে দয়ালু বস খেতাব পান। এ ছাড়া গত ১২ বছরে দরিদ্র পরিবারের ৪ হাজার ৮০০ জনের বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রায় ৩৫ মিলিয়ন ইউয়ান শিক্ষাবৃত্তি দিয়েছেন তিনি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট