চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দিল্লিগামী মাঝ আকাশে বিমানের তীব্র ঝাঁকুনি, আহত ১২

দিল্লিগামী বিমানে মাঝ আকাশে হঠাৎ তীব্র ঝাঁকুনি, আহত ১২

অনলাইন ডেস্ক

৪ আগস্ট, ২০২৬ | ৪:৪৯ অপরাহ্ণ

থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি গামী একটি বিমান হঠাৎ মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়েছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিমানের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট তীব্র ঝাঁকুনির মুখে পড়ে। এ সময় বিমানের দুই ক্রু সদস্যসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন। ঝাঁকুনির কারণে বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইট এআই৩৭৯ উড্ডয়নের সময় স্বল্পস্থায়ী টার্বুলেন্সের সম্মুখীন হয়। এর ফলে হঠাৎ বিমানের উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তন ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে। এ ঘটনার পর যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমেছেন। ফ্লাইটটিতে ১৩৪ জন যাত্রী ছিলেন।

 

বিমান সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত গুরুতর আহতের কোনো ঘটনা ঘটেনি। কয়েকজন যাত্রী ও ক্রু সামান্য আহত হয়েছেন। তাদের এয়ার ইন্ডিয়ার উদ্ধারকারী ও চিকিৎসা দল তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে।

 

অবতরণের পর যাত্রীরা জানান, বিমানটির উচ্চতা হঠাৎ কমে যেতে শুরু করে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।

এক যাত্রী বলেন, ‘বিমানটির উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় আমার মাথা বিমানের ছাদে আঘাত করে। এরপর আমি আসন থেকে ছিটকে নিচে পড়ে যাই।’ প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কয়েকজন যাত্রী শরীর ও মাথায় সামান্য আঘাত পেয়েছেন।

বিমান সংস্থাটি জানিয়েছে, ‘আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ক্ষতিগ্রস্তদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। পাশাপাশি তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।’

সূত্র: এনডিটিভি

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট