ভারতে উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদ হাই কোর্ট সম্প্রতি প্রাপ্তবয়স্ক নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, বিয়ে ও ধর্মান্তরের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী রায় দিয়েছে।
এক আদেশে আদালত জানায়, কোনও প্রাপ্তবয়স্ক নারী যদি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পছন্দের মানুষকে বিয়ে করতে চান, তবে তার বাবা বা অন্য কেউ তাতে হস্তক্ষেপ করতে পারবেন না।
বিচারপতি সন্দ্বীপ জৈন জানান, প্রাপ্তবয়স্ক নারীদের নিজস্ব বিশ্বাস, বিয়ে এবং বাসস্থান বেছে নেওয়ার সিদ্ধান্তে বাধা দেওয়া তাদের মর্যাদা, গোপনীয়তা এবং ব্যক্তিগত স্বাধীনতার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।
দুই প্রাপ্তবয়স্ক বোনের করা এক মামলার শুনানিতে বিচারপতি জৈন এই পর্যবেক্ষণ দেন এবং তাদেরকে আগামী ৬ অগাস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
২০ ও ৩৫ বছর বয়সের দুই বোন দিব্যা ভাটিয়া এবং অংশু ভাটিয়া মামলায় অভিযোগ করেছেন যে, হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ার পর তাদের বাবা বেআইনিভাবে তাদেরকে আটকে রেখেছেন।
আদালত বলেছে, দুই নারীই প্রাপ্তবয়স্ক। ফলে নিজেদের ধর্ম, বিয়ে, বসবাস এবং ভবিষ্যৎ জীবন নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আইনগত সক্ষমতা তাদের রয়েছে।
গত ৩১ জুলাইয়ে দেওয়া আদেশে আদালত বলেছে, “যদি শেষ পর্যন্ত এসব অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তাহলে আবেদনকারীদের ব্যক্তিগত পছন্দের তাদের বাবা বা অন্য কারও হস্তক্ষেপ এই নারীদের সংবিধান-সুরক্ষিত মর্যাদা, গোপনীয়তা, ব্যক্তিস্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার অধিকারের ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।’
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নথিপত্র থেকে এই আভাসই পাওয়া গেছে যে, দুই নারী স্বেচ্ছায় হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন।
হাই কোর্ট জানায়, দুই নারী নিজেদের ইচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন কি না, নাকি তাদেরকে কোনও ধরনের বেআইনি আটকাবস্থা বা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে, সেটি নিশ্চিত করাই আদালতের প্রধান দায়িত্ব। তাই তাদেরকে ৬ অগাস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে, যাতে বিচারপতি সরাসরি কথা বলে তাদের সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত হতে পারেন।
আদালত আরও নির্দেশ দিয়েছে যে, নির্ধারিত দিনে দুই নারীকে আদালতে হাজির করা না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদেরকে ব্যক্তিগত হলফনামা দিতে হবে। সেখানে আদালতের নির্দেশ পালন না করার কারণ জানাতে হবে। তাছাড়া, তাদেরকে আদালতে হাজির করার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নির্দেশ বাস্তবায়নে আরও কী ব্যবস্থা নেয়া হবে, তাও বিস্তারিত জানাতে হবে।
পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ















