যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানলের কারণে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে এখন পর্যন্ত ৬০০টি ভবন, যার মধ্যে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, পুড়ে গেছে।
সপ্তাহান্তে স্পোকেন ও আশপাশের প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে যায়। রাজ্যজুড়ে মোট প্রায় ১ হাজার বর্গকিলোমিটার এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনসহ কয়েকটি দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। তবে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলের কারণ এখনো জানা যায়নি।
এদিকে আইডাহো ও ওরেগন সীমান্তে আরেকটি বড় দাবানলে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে। সেখানে ৬০০টির বেশি বাড়ি ও ৮০০ অন্যান্য স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে। এছাড়া ইউটাহ অঙ্গরাজ্যে একটি দাবানলের বিস্তার সপ্তাহান্তে দ্বিগুণেরও বেশি বেড়ে ১৪৫ বর্গকিলোমিটারে পৌঁছেছে। এতে ১০০টির বেশি গবাদি পশু মারা গেছে। সূত্র: আল জাজিরা
পূর্বকোণ/নুসরাত















