চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো, জানা গেল দিন-তারিখ

বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো, জানা গেল দিন-তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

২ আগস্ট, ২০২৬ | ৮:১৩ অপরাহ্ণ

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বহুল আলোচিত এই বিয়ের অনুষ্ঠান ঘিরে সামনে এসেছে বেশ কিছু নতুন তথ্য।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার (৮ আগস্ট) রোনালদোর জন্মস্থান মাদেইরার ফুনচাল শহরেই অনুষ্ঠিত হতে পারে এই জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্থানীয় ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে বিলাসবহুল পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলে। মাদেইরার ফুনচাল শহরেই রোনালদোর জন্ম ও শৈশব কেটেছে। শহরটিতে তার সম্মানে স্থাপন করা হয়েছে ব্রোঞ্জের ভাস্কর্য, রয়েছে তার নামে একটি জাদুঘর ও হোটেলও।

 

এর আগে পর্তুগালের সিন্ত্রার কুইন্টা দা রেগালেইরা এস্টেটে ১ আগস্ট বিয়ে অনুষ্ঠিত হবে বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে পরে জানা যায়, ওই সময় এস্টেটটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এরপরই নতুন করে মাদেইরাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে সামনে আনে দ্য সান।

 

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টায় বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও অতিথিরা সাভয় প্যালেস হোটেলে যাবেন, যেখানে একাধিক রেস্তোরাঁ ও বিশেষ আয়োজন রাখা হয়েছে।

 

একটি সূত্রের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, বিয়ের প্রস্তুতির কারণে ৭ ও ৮ আগস্ট হোটেলের দুটি ফ্লোর সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। একই সঙ্গে হোটেলের কয়েকটি বার ও নির্দিষ্ট এলাকা ওই দুই দিন ব্যবহার করা যাবে না।

 

বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হলেও সংগ্রামময় শৈশব ছিল রোনালদোর। সীমিত সামর্থ্যের একটি পরিবারে বড় হয়েছেন তিনি। ভাইবোনদের সঙ্গে ছোট্ট একটি ঘরে বসবাস করতেন। মাত্র ১১ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে পরিবার ছেড়ে লিসবনে স্পোর্টিং সিপির একাডেমিতে যোগ দেন। সেই সংগ্রামের শহরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে সিদ্ধান্ত নেন তিনি।

 

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে শুরু হয় প্রেম। গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো।

 

যদিও রোনালদো বা জর্জিনা এখনও বিয়ের তারিখ ও আয়োজন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবু ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি, সবকিছু ঠিক থাকলে আগামী শনিবারই সম্পর্কের নতুন অধ্যায়ে পা রাখবেন এই তারকা জুটি।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট