চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

‘দ্রুত চুক্তির শর্তে’ ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

শর্ত সাপেক্ষে ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২ আগস্ট, ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত একটি চুক্তি করার শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা বাতিল করেছেন।

 

রবিবার (২ আগস্ট) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান।

 

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পৃথক ফোনালাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো আগ্রাসনের উপযুক্ত ও কঠোর জবাব দেওয়ার হুমকির পর ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাটি এসেছে।

 

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত।

 

তারপরেও একটি চুক্তির রূপরেখায় সম্মত হওয়ার কারণে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেকোনো হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। এই সমঝোতার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান।

 

মার্কিন প্রেসিডেন্ট লেখেন, (ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর) এই অনুরোধের ভিত্তিতে এবং দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার শর্ত সাপেক্ষে তিনি বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ ও একটি সফল-সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে আক্রমণ বাতিল করতে সম্মত হয়েছেন।

 

ট্রাম্প আরও লেখেন, ইসরায়েলও এই প্রতিশ্রুতির বিষয়ে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। সবাই কাজে লেগে পড়ুন এবং কাজটি সম্পন্ন করুন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট