চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেলিগ্রামের সিইওকে গ্রেপ্তার করবে রাশিয়া

টেলিগ্রামের সিইওকে গ্রেপ্তার করবে রাশিয়া

অনলাইন ডেস্ক

২৯ জুলাই, ২০২৬ | ১১:৫১ অপরাহ্ণ

রাশিয়ার জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ এনেছে দেশটির নিরাপত্তা সংস্থা। মস্কোর অভিযোগ, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা টেলিগ্রাম ব্যবহার করে লোক নিয়োগ দিচ্ছে। সেটি বন্ধ করতে পাভেল ব্যবস্থা নেননি।

 

বুধবার (২৯ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

রাশিয়ার নিরাপত্তা সংস্থার দাবি, দুরভ সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। এর আগে তিনি বলেছিলেন, তার বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

৪১ বছর বয়সী পাভেল দুরভ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও মালিক। টেলিগ্রাম বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটির বেশি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় উভয় পক্ষই তথ্য আদান-প্রদানে অ্যাপটি ব্যাপকভাবে ব্যবহার করেছে।

 

দুরভ ২০১৪ সালে রাশিয়া ছেড়ে যান। এর আগে তিনি তার প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকন্টাকটেতে (ভিকে) বিরোধী গোষ্ঠীর বিভিন্ন কমিউনিটি বন্ধ করার সরকারি নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। পরে তিনি প্রতিষ্ঠানটি বিক্রি করে দেশ ছাড়েন।

 

২০১৮ সালে টেলিগ্রামের এনক্রিপ্টেড বার্তার তথ্য নিরাপত্তা সংস্থাকে দিতে অস্বীকৃতি জানালে রাশিয়া অ্যাপটি ব্লক করার চেষ্টা করে। তবে সেই উদ্যোগ খুব একটা সফল হয়নি।

 

বর্তমানে দুরভ ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। ২০১৭ সাল থেকে তিনি দুবাইয়ে বসবাস করছেন।

 

এদিকে শুধু রাশিয়াই নয়, ফ্রান্সসহ কয়েকটি দেশেও টেলিগ্রামের বিরুদ্ধে অপরাধমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগ নিয়ে তদন্ত চলছে। যদিও টেলিগ্রাম এসব অভিযোগ অস্বীকার করেছে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট