চট্টগ্রাম সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

‘ককরোচদের’ লাঠিপেটা করায় দিল্লি পুলিশকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

‘ককরোচদের’ লাঠিপেটা করায় দিল্লি পুলিশকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

অনলাইন ডেস্ক

২৭ জুলাই, ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিলে লাঠিপেটার ঘটনায় স্থানীয় পুলিশের কঠোর সমালোচনা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

 

সোমবার (২৭ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ বলেছেন, সংবিধান ভারতের নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দেয়।

 

প্রধান বিচারপতি সূর্য কান্ত মৌখিকভাবে উল্লেখ করেন, মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন বলেই ঘটনাক্রম বিবেচনা না করে তাদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা যায় না।

 

তিনি আরও বলেন, শুধু দিল্লির বিষয় নয়, সারা দেশেই প্রটোকল অনুসরণ হওয়া প্রয়োজন, মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন বলেই লাঠিচার্জ করার যুক্তি নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শৃঙ্খলা গুরুত্বপূর্ণ।

 

সিজেপির মিছিলে ২০ জুলাই পুলিশের লাঠিচার্জের ঘটনায় সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হচ্ছে আজ। এর আগে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত ভিডিও-প্রমাণ নিয়ে এক আইনজীবী আপিল করলেও মামলা শুনতে রাজি হননি প্রধান বিচারপতি।

 

তিনি বলেছিলেন, ‘ভিডিও দেখিয়ে কোর্টের ও আপনার সময় নষ্ট করবেন না।’

 

তবে পরে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে আপিল করতে। হঠাৎ করে একটি ‘আর্জেন্ট হিয়ারিং’র আবেদনে রাজি হননি তিনি।

 

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জেরে সম্প্রতি নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে তীব্র আন্দোলন গড়ে তোলে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলনের মুখে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওই আন্দোলন দমনে লাঠিপেটাসহ দমন-পীড়ন চালাতে দেখা যায় পুলিশকে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট