হরমুজ প্রণালির দক্ষিণাংশে নিজের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ দিয়ে পারাপারের সময় ছয়টি জাহাজকে বাধা দিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ছয়টি জাহাজের মধ্যে একটি দুর্ঘটনার শিকার হয়। পরে ইরানের ‘দৃঢ় ব্যবস্থাপনার’ কারণে বাকি জাহাজগুলো উপসাগরীয় এলাকায় ফিরে যায়।
ইরানের এক কর্মকর্তার বরাতে আইআরআইবি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উসকানির পর জাহাজগুলো ওই পথে চলাচলের চেষ্টা করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই পথে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এই নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: আল জাজিরা
পূর্বকোণ/ইবনুর















