ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বৈঠকের পর দিল্লির যন্তর মন্তর থেকে বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সে ঘোষণার ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। এরপরে বর্তমানে কার্যত ফাঁকা দেশটির রাজধানীর এই অংশ।
সরেজমিনে দেখা গেছে, গতকাল রাতেই সিজেপির বিক্ষোভ মঞ্চটি খুলে ফেলা হয়েছে। আজ সকাল থেকেই এলাকাটি পরিষ্কারের কাজ শুরু হয়। দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন ও সিজেপির স্বেচ্ছাসেবকরা যৌথভাবে পরিচ্ছন্নতার কাজটি করেন। পরিচ্ছন্নতার কাজ শেষ করে ইতোমধ্যে সব আন্দোলনকারীরা যন্তর মন্তর ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।
জায়গাটি খালি হয়ে যাওয়ার পর সেখানে কারগিল যুদ্ধ বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। জায়গাটিতে এখন আর কোনো আন্দোলনকারীরা না থাকলেও দিল্লি পুলিশের কর্মকর্তা ও কেন্দ্রীয় অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে আগামীকাল দেশটির পার্লামেন্টে নতুন শিক্ষা বিল উত্থাপনের কথা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষা বিলকে কেন্দ্র করে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তাপ ছাড়ানোর আশঙ্কা রয়েছে। নতুন করে কোনো অস্বস্তি এড়াতে যন্তর মন্তর এলাকায় সাংবাদিকদের প্রবেশাধিকার শিথিল করা হয়েছে।
এর আগে, শনিবার নানা নাটকীয়তার পর দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। সে সঙ্গে ককরোচ জনতা পার্টির অন্য দুই গুরুত্বপূর্ণ দাবিও মেনে নেওয়ার আশ্বাস দেন সরকার। অন্য দাবিগুলো হলো- দেশব্যাপী হওয়া আন্দোলনকে ঘিরে যেসব এফআইআর হয়েছে সেগুলো তুলে নেওয়া এবং মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট)-এর প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা ২০ শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া।
গত ১৫ মে ভারতের হাইকোর্টে এক শুনানিতে দেশটির প্রধান বিচারপতি তরুণদেরকে ‘ককরোচ’ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদে রাজনৈতিক যোগাযোগবিদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি বা সিজেপির সূচনা করেন। শুরুতে কেবল সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ থাকলেও ৬ জুন অভিজিৎ দীপকে দেশে ফিরে এলে আন্দোলন নতুন মাত্রা পায়। আন্দোলনে যোগ দেন বিশিষ্ট পরিবেশবিদ সোনাম ওয়াংচুকসহ বেশ কয়েকজন মিডিয়া তারকা ও বিরোধী দলের নেতারা। শেষ পর্যন্ত নিজেদের প্রধান দাবিগুলো আদায় করে ঘরে ফিরে গেল ককরোচ জনতা পার্টির সমর্থকরা।
পূর্বকোণ/আরআর/পারভেজ
















