চট্টগ্রাম শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

দিল্লির যন্তর মন্তর ছাড়ছে মানুষ, ঘুমাতে চান দিপকে

দিল্লির যন্তর মন্তর ছাড়ছে মানুষ, ঘুমাতে চান দিপকে

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সব দাবি কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার পর দিল্লিতে ঐতিহ্যবাহী আন্দোলনস্থল যন্তর মন্তর ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণার পরও প্রতিবাদস্থলে এখনও শত শত বিক্ষোভকারী অবস্থান করছেন।

 

সরকারের সঙ্গে আলোচনা সফল হওয়ার পর সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরে উপস্থিত বিক্ষোভকারীদের পুরো বিষয়ের বিস্তারিত জানান। আন্দোলনের সমাপ্তি টেনে সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা প্রতিবাদকারীদের শান্তিতে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। আরেক মুখপাত্র সৌরভ দাস আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করছি। আমরা আবার খুব শিগগিরই একত্র হবো।

 

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সিজেপির সব দাবি মেনে নেওয়ার মধ্য দিয়ে নিজেদের আন্দোলন সফল হওয়ার পর সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, তিনি এবার একটু ঘুমিয়ে নিতে চান।

 

এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে উদ্‌যাপন করার পাশাপাশি সিজেপি ড. বি আর আম্বেদকর এবং সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপি লিখেছে, আজকের এই বিজয় ড. বি আর আম্বেদকর এবং আমাদের সংবিধান প্রণেতাদের অসাধারণ দূরদর্শিতার এক শক্তিশালী প্রমাণ। বহুকাল আগেই বাবাসাহেব এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সব ক্ষমতার উৎস হবে জনগণ, আর তিনি সেই স্বপ্ন বাস্তবায়নের কাঠামো তৈরি করে দিয়েছিলেন। জয় সংবিধান! জয় ভীম!

 

অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে যন্তর মন্তরের কাছাকাছি মেট্রো স্টেশনগুলোর প্রস্থান পথ বন্ধ রাখা হয়েছে। এক মেট্রো কর্মকর্তা নিশ্চিত করেছেন যে নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং মান্ডি হাউস মেট্রো স্টেশনের প্রস্থান পথগুলো বন্ধ রয়েছে। তবে দিল্লি হাট আইএনএ, চাওড়ী বাজার এবং জেএলএন স্টেডিয়াম মেট্রো স্টেশনের প্রস্থান পথগুলো খোলা রয়েছে। সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মেট্রো স্টেশনের প্রস্থান পথগুলোর কাছে সিআইএসএফ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 

পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট