চট্টগ্রাম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশ সীমান্তে নিজেদের গুলিতেই নিহত ২ বিএসএফ সদস্য

বাংলাদেশ সীমান্তে নিজেদের গুলিতেই নিহত ২ বিএসএফ সদস্য

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০২৬ | ২:০৬ অপরাহ্ণ

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এক জওয়ানের গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।

বিএসএফ সূত্র জানায়, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র।

তিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। হঠাৎ তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই দুই জওয়ান নিহত হন এবং একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার ৫১ বছর বয়সী অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার ৩৭ বছর বয়সী আম্বাদার সুরেশ দারগু।

আহত বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মোহান্দা গ্রামের বাসিন্দা।তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহত তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

বিএসএফ সূত্রের দাবি, প্রায় এক বছর আগে একই জওয়ান সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে বাহিনীর অভ্যন্তরীণ আইনে শাস্তি পেয়েছিলেন। কয়েক দিন আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। এরপর তাঁকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবারের এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে বিএসএফের মালদা সেক্টরের উপমহাপরিদর্শক সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বাহিনীর পক্ষ থেকেও পৃথক বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনার পর বৈষ্ণবনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

পূর্বকোণ/রেহেনুমা 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট