চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আল-আকসা প্রাঙ্গণে ইসরায়লীমন্ত্রীর প্রবেশ, জর্ডান ও হামাসের নিন্দা

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর অনুপ্রবেশ, জর্ডান ও হামাসের নিন্দা

অনলাইন ডেস্ক

২৩ জুলাই, ২০২৬ | ৬:৩২ অপরাহ্ণ

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। এ সময় তার সঙ্গে ছিলেন অন্যান্য ইসরায়েলি কর্মকর্তা এবং দুই হাজারের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী।

পবিত্র মসজিদ প্রাঙ্গণে বেন-গভিরের এই প্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও ফিলিস্তিনি সংগঠন হামাস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত ফুয়াদ মাজালি এক বিবৃতিতে বলেন, এ ধরনের পদক্ষেপ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক ও আইনগত ‘স্থিতাবস্থা’ লঙ্ঘন করে।

 

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে চলমান লঙ্ঘন বন্ধে ইসরায়েলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে।

অন্যদিকে, হামাসও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘প্রকাশ্য আগ্রাসন’ বলে অভিহিত করেছে।

 

সংগঠনটি সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড শেষ পর্যন্ত ‘দখলদার শক্তি ও তাদের বসতি স্থাপনকারীদের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসবে’।
হামাস আরও বলেছে, ‘আমাদের জনগণ এবং আমাদের প্রতিরোধ বাহিনী আমাদের পবিত্র স্থানগুলোর অবমাননার মুখে কখনোই নীরব থাকবে না।

 


আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ঘিরে দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুসলমানদের কাছে এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে ইহুদিদের কাছে একই এলাকা ‘টেম্পল মাউন্ট’ নামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত।

 

সূত্র: আল জাজিরা, রয়টার্স

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট