এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য।
আজ সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য লেবার পার্টির নেতা নির্বাচিত অ্যান্ডি বার্নহাম। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিদায়ী বক্তব্য দেন কিয়ার স্টারমার। তিনি জানান, নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে দলের ভরাডুবি এবং অর্থনৈতিক সংকটের চাপের মধ্যেই তিনি দায়িত্ব ছাড়েন। একই চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতে নতুন সরকারের নেতৃত্ব গ্রহণ করেন বার্নহাম।
দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের জন্য একটি “সার্কিট-ব্রেকার” বা আমূল পরিবর্তনের সূচনা করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, আগামী সময়ে গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গৃহহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করাকে তিনি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে অ্যান্ডি বার্নহাম বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















