চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুয়েতের দুই স্থাপনায় ইরানের হামলা

কুয়েতের দুই স্থাপনায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২৬ | ৫:৩৫ অপরাহ্ণ

ইরানের ছোড়া ড্রোনে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রবিবার ইরানি ড্রোনের আঘাতে এ দু’ই কেন্দ্রে আগুন ধরে গিয়েছিল।

 

কুয়েতি কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, কুয়েতের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই নিয়ে টানা তৃতীয় রাত হামলা চালিয়েছে ইরান। এর আগে শনিবার দেশটির একটি তেল ডিপোতে ড্রোন হামলা করেছিল ইরানি প্রতিরক্ষা বাহিনী। তার আগের দিন শুক্রবারও কুয়েতের বিদ্যুৎকেন্দ্র এবং পানি সরবরাহ কেন্দ্রে হামলা হয়েছিল।

 

রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কুয়েতের বিদ্যুৎ, পানি এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, “ইরানের আগ্রাসী ড্রোন হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। আগুনে বিদুৎ কেন্দ্রের বেশ কয়েকটি জেনারেটর ইউনিট পুড়ে গেছে। গত ৩ দিনের মধ্যে এই নিয়ে মোট দু’বার কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা করল ইরান।”

 

এদিকে একই দিন বাহরাইনের রাজধানী মানামার আশপাশেল এলাকাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরান নিক্ষেপ করেছে বলেও জানা গেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ঘাঁটির সদরদপ্তর অবস্থিত। দেশটির সরকারি কর্তৃপক্ষের দাবি, দেশটির বেসামরিক স্থাপনায় হামলা করেছে ইরান।

 

তবে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আজ সোমবার সকালে এক বিবৃতিতে দাবি করেছে, ইরানে যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাব দিতে রবিবার কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটির একাধিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছে। সূত্র : এএফপি

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট