চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বছরে একাধিকবার সৌদি যাওয়ার ওমরাহ ভিসা চালু

বছরে একাধিকবার সৌদি যাওয়ার ওমরাহ ভিসা চালু

অনলাইন ডেস্ক

২০ জুলাই, ২০২৬ | ৪:২৯ অপরাহ্ণ

ওমরাহ নিয়ে নতুন সুখবর দিলেন সৌদি আরব। ওই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে। নতুন এই ভিসার মাধ্যমে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করা যাবে। তবে মোট অবস্থানের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন।

 

সোমবার (২০ জুলাই) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

নতুন ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

 

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি ভিশন ২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের যাতায়াত সহজ করা, সেবার মান উন্নত করা এবং তীর্থযাত্রীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা।

 

তবে প্রতিবার ওমরাহ পালনের আগে ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার চেয়ে বেশি হতে পারবে না। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করতে হবে।

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হবে এবং পরবর্তী সফরের শর্ত পূরণ হলে আবার সক্রিয় করা হবে।

 

তবে হজ মৌসুমে, অর্থাৎ জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা কার্যকর থাকবে না।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট