চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল হলান্ডরা

ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল হলান্ডরা

অনলাইন ডেস্ক

১৬ জুলাই, ২০২৬ | ১০:৪১ অপরাহ্ণ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রত্যাবর্তনটাকে রঙিন করেছে নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মতো দলকেও বিদায় করে দিয়েছিল টুর্নামেন্ট থেকে। দারুণ পারফরম্যান্সে মন জয় করে নিয়েছে ফুটবলপ্রেমীদের। এবার মাঠের বাইরে মানবিক সহায়তা করে আলোচনায় এলো আর্লিং হলান্ডরা।

 

বিশ্বকাপ বাছাইপর্বে একই গ্রুপে ছিল নরওয়ে আর ইসরায়েল। ওসলোতে অনুষ্ঠিত সেই ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল নরওয়ে। সেই ম্যাচে টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ অন্যান্য যুদ্ধাক্রান্ত অঞ্চলে মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’-কে দান করেছে নরওয়ের ফুটবল ফেডারেশন।

 

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস জানান, যুদ্ধবিধ্বস্ত এলাকার সাধারণ মানুষের চরম দুর্ভোগ ও মানবিক সংকট তাদের বিবেককে নাড়া দিয়েছে। বেসামরিক জনগণের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, ‘গাজায় প্রতিদিন সাধারণ মানুষ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার প্রতি আমরা উদাসীন থাকতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ম্যাচের টিকিট থেকে আয় করা সব অর্থ ‘ডক্টরস উইদাউট বর্ডারস’-এর মতো সংস্থাকে দেব, যারা সরাসরি যুদ্ধের ময়দানে জীবন বাঁচানোর কাজ করছে।’

 

নরওয়ে ফেডারেশনের এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানও। তারা এই তহবিলে অতিরিক্ত ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৩ লাখ ৫ হাজার ডলার) অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে।

 

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে লিসা ক্লাভেনেস আরও বলেন, এমন সংকটময় সময়ে যুদ্ধক্ষেত্রে জরুরি চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

 

মানবিক কাজের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে নরওয়ের এমন ভূমিকা নতুন নয়। এর আগে ব্রাজিলের অ্যামাজন বন রক্ষায় বড় অংকের অনুদান দিয়েও তারা সারা বিশ্বে আলোচিত হয়েছিল।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট