কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের দাবি, ওয়াশিংটনের সামরিক অবস্থান দুর্বল করতেই এই নতুন হামলা চালানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, চলমান ‘নাসর ২’ বিশেষ সামরিক অভিযানের অষ্টম ধাপের অংশ হিসেবে এই আকস্মিক হামলা পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অভিযানে মার্কিন বাহিনীর একটি আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার ব্যবস্থা এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের একটি প্রধান সমাবেশস্থলকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনী আরও অভিযোগ করেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করছে।
এই পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষার স্বার্থে কুয়েতের জনগণের প্রতি দেশটি থেকে সব মার্কিন সৈন্য ও সামরিক উপস্থিতি অপসারণের দাবি জানানোর আহ্বান জানিয়েছে তেহরান। সূত্র: আল জাজিরা
পূর্বকোণ/ইবনুর
















