চট্টগ্রাম সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ২ বছরের কারাদণ্ড

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

১৩ জুলাই, ২০২৬ | ৬:৩৪ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাজনৈতিক এক মধ্যস্থতাকারীর কাছ থেকে ২৭ কোটি ওন (১ লাখ ৭৯ হাজার ৮০০ মার্কিন ডলার) মূল্যের মতামত জরিপের সেবা অবৈধভাবে বিনামূল্যে নেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে ওই দণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানী সিউলের জেলা জজ আদালতের রায়ে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ইউন রাজনৈতিক মধ্যস্থতাকারীর কাছ থেকে কোনও অর্থ ছাড়াই ১৪ দফা জনমত জরিপের সুবিধা নিয়ে রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন করেছেন।

 

পরবর্তীতে এর প্রতিদান হিসেবে একজন সাবেক সংসদ সদস্যের দলীয় মনোনয়ন নিশ্চিতে নিজের প্রভাব খাটান ইউন সুক-ইওল। তবে নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ইউন সুক-ইওল বলেছেন, তিনি এমন কোনও জরিপের অনুরোধ করেননি কিংবা এর বিনিময়ে কোনও প্রতিশ্রুতিও দেননি।

 

আদালতের এই সিদ্ধান্ত সাবেক ফার্স্ট লেডি কিম কোন-হির সঙ্গে সংশ্লিষ্ট আগের আদালতের রায়গুলোর চেয়ে ভিন্ন। আগের একাধিক রায়ে বলা হয়েছিল, ওই জরিপ সেবার সঙ্গে কোনও ধরনের পারস্পরিক সুবিধা বা লেনদেনের সম্পর্ক ছিল না।

 

সোমবারের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আদালতের বিচারক।

 

৬৫ বছর বয়সী ইউন বর্তমানে আটটি আইনি মামলার মুখোমুখি হয়েছেন। ২০২৪ সালে তার স্বল্পস্থায়ী সামরিক আইন জারির ঘটনাকে কেন্দ্র করে একটি অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত হন তিনি। এরপর গত ফেব্রুয়ারিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে তিনি সেই সাজার বিরুদ্ধে আপিল করছেন।

 

অন্যান্য মামলার মধ্যে সুপ্রিম কোর্টের গত সপ্তাহের একটি রায়ও রয়েছে। যেখানে তাকে গ্রেপ্তারে কর্তৃপক্ষের প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগে সাত বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

সূত্র: এএফপি।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট