যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) লেনদেন শুরুর পরই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে দাম নেমে এসেছিল ব্যারেলপ্রতি ৭০ দশমিক ১৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।
জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের বেশি হতে পারে। তাঁর মতে, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা অতিরিক্ত ঝুঁকির হিসাব মূল্য নির্ধারণে যুক্ত করছেন।
তিনি আরও বলেন, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। সূত্র: আল জাজিরা
পূর্বকোণ/ইবনুর















